ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন করোনায় ও উপসর্গ নিয়ে সাতজন মারা যান।
করোনায় মারা গেছেন ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা (৪০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), দুদু মিয়া (৫০), গৌরীপুরের হাজী আতাউল্লাহ (৯০), শেরপুর সদরের নুরুল আমিন (৬০), নেত্রকোনা পুর্বধলার সুলতানা (৪০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসিইউতে ১১ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১১২ জন।
জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।
বার্তা বাজার/নব