নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে আলোচনায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে রওনা দিয়ে সকাল ১০টা ৩মিনিটে ওয়াশিংটন পৌঁছেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা নিউইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পরে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

এর আগে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিয়ে দুই দিনের যাত্রা বিরতির পর গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন।

এছাড়া ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গেও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

গত ২০ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপন করেন প্রধানমন্ত্রী। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকা প্রত্যাবর্তনের কথা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর