সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ব্যবহৃত মোগাদিসুর বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তল্লাশি চৌকিতে এই হামলার ঘটনায় অন্তত ৮জন নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন ৭ জন।
শনিবারের (২৫ সেপ্টেম্বর) এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।
এ বিষয়ে পুলিশের মুখপাত্র আবদি ফাতেহ আদেন হাসান বলেন,‘প্রেসিডেন্ট প্রাসাদের দিকে গমনরত একটি বহরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্বজনরা এসে হতাহতদের নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘হামলার জন্য আল-শাবাব দায়ী। এক সেনা, এক মা ও দুটি শিশুসহ অন্তত আটজনকে হত্যা করেছে তারা। আল-শাবাব বেসামরিক নাগিরকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।’
এ বিষয়ে সোমালি সরকারের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম মোলাইমু জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলের দপ্তরের নারী ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিবাক আবু বকারও রয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী সংক্রান্ত বিষয়ের অন্যতম স্তম্ভ ছিলেন হিবাক। আবু বকার ওই গাড়িবহরে ছিলেন নাকি বিস্ফোরণের সময় কাছাকাছি থাকায় এর শিকার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।’
নিরাপত্তা পরীক্ষার জন্য পুলিশ চালককে থামাতে গেলেই গাড়িটি বিস্ফোরিত হয়েছে বলে দাবি করে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান বলেন, তল্লাশির জন্য পুলিশ সাধারণত এখানে গাড়ি থামায়। এরপর তল্লাশিচৌকি পার হাতে তাদের অনুমোদন দেওয়া হয়। নিরাপত্তা প্রহরীরা যখন গাড়িটি থামান, তখন সেখানে আরও কয়েকটি গাড়ি ছিল। পাশের রাস্তা দিয়েও লোকজন চলাচল করছিলেন।
বার্তা বাজার/এসবি