‘১৪১ সফরসঙ্গী বেশিরভাগই নিজ খরচে গেছেন’ (ভিডিওসহ)
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্বনেতাদের বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এসব গল্প বিশ্বনেতারা তার কাছে শুনতে চেয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা উল্লেখ করেনন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিএনপির প্রধান কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী করোনাভাইরাসের মহামারির এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী কেন ‘১৪১ জন’ সফরসঙ্গী নিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে নিউইয়র্কে গেলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা। তিনি সেদিন বলেছিলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) ১৪১ জন আত্মীয়-স্বজন, দলের লোক সব নিয়ে প্রথমে গেলেন ফিনল্যান্ড তারপরে নিউইয়র্ক। ফিনল্যান্ডে আপনার কী কাজ ছিল? কী এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল যে একটা গোটা বিমান চার্টার্ড করে আপনি সেখানে গেলেন। মানুষ খাবারের জন্য হাহাকার করছে আর আপনি প্রধানমন্ত্রী ১৪১ জন মানুষ নিয়ে যাচ্ছেন নিউইয়র্কে।’
রিজভীর এসব বক্তব্যের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের উন্নয়নে বিশ্বনেতাদের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে। প্রধানমন্ত্রীর বেশিরভাগ সফরসঙ্গীই যে নিজ খরচে গেছেন, সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল, অথবা তিনি জেনেও না জানার ভান করছেন।’
এর আগে সম্মেলনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যেভাবে তাদের একেকজন বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপির সিরিজ বৈঠকের ফলাফল শূন্য বলে মনে হচ্ছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করে কোনো দিশা-কূলকিনারা পায়নি, কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বার্তা বাজার/এসবি