ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে নদীতে লাফ দিতে গিয়ে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী কুমার নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের নাম মাজেদ মিয়া (১৪)।

সে একই উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ফুল মিয়ার ছেলে। মাজেদ সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের একটি মাদ্রাসায় হাফেজি পড়ে।

সন্ধ্যা ৬টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি। তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ৫ সদস্যের একটি ডুবুরি দল তৎপরতা চালাচ্ছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, দুপুরে তেলজুড়ী বাজারের পাশে কুমার নদীর ওপর নির্মিত একটি স্টিলের ব্রীজ থেকে গোসল করার উদ্দেশ্যে নদীতে লাফ দেয় মাজেদ। এরপর তার আর খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আ. সাত্তার মোল্যা বার্তা বাজার’কে জানান ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক অভিযান চালানোর পর পাটুরিয়া ঘাটের ডুবুরি দলকে খবর দেই। সেখান থেকে পাঁচ সদস্য বিশিষ্ট ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। আমরা ঘটনাস্থলেই রয়েছি।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর