তাবলিগ জামাতের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা লুট করা হয়। পটুয়াখালী শহরের কলাতলা বাবরি মসজিদে ১৩ জনের টাকা লুট করা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের কলাতলা বাবরি মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুসল্লিরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার তাবলিগের মারকাজের সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন বিভাগ থেকে ১৫ জন সাথী শহরের কলাতলা এলাকার বটতলা বাবরি মসজিদে আসেন। ওই রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্য ব্যতীত দুইজন লোক তাদের সঙ্গে ছিলেন। রাতের খাবার শেষ করে অন্যরা যার যার মতো চলে যান।
ফজরের নামাজের সময় তাবলিগের দুইজন সদস্য উঠলেও বাকিরা উঠতে পারেননি। স্থানীয় মারকাজ মসজিদে বিষয়টি অবগত করা হলে তারা দ্রুত এসে অচেতন অবস্থায় ১৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাবলিগ জামাতের সংশ্লিষ্টরা বলেন, ‘এ ধরনের অপ্রীতিকর ঘটনা এই প্রথম পটুয়াখালীতে ঘটল।’
এ বিষয়ে সদর থানার ওসি আখতার মোরশেদ জানান, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার হোতাদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।’
বার্তা বাজার/এসবি