‘শতভাগ স্বচ্ছতার সাথে সকল প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে’

শতভাগ সচ্ছতার সাথে সকল প্রকল্পের নির্মাণ কাজ শেষ করা হবে এবং এক্ষেত্রে কোন নয়ছয় করার সুযোগ নেই জানালেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তুরাগ থানাধীন ধউর এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সেপ্রেসওয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে একথা জানান তিনি।

এসময় সেতু মন্ত্রী জানান, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের জুনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, শুরুতেই হোচট খাওয়ার কোন কারণ নেই। বর্তমানে যেই রাস্তা আছে এইখানে ভোগান্তি যেন না হয়, রাস্তা যেভাবে আছে থাকুক। অনেক মানুষ বিকল্প পথ হিসেবে এই পথ ব্যবহার করে। এইখানে মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ভোগান্তির বিষয় এড়িয়ে চলতে বলবো। রাস্তা যেন ব্যবহারের উপযোগী থাকে সেদিকে খেয়াল রাখবেন।

উল্লেখ্য, এ প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ৯০১ দশমিক ৩২ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৫ হাজার ৯৫১ দশমিক ৪২ কোটি টাকা এবং বিদেশী চীন সরকার (G2G) বহন করবে ১০ হাজার ৯৪৯ দশমিক ৯১ কোটি টাকা। ৪ লেন বিশিষ্ট এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিমি। এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। এর সঙ্গে র‍্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিমি, নবীনগরে ১ দশমিক ৯১৫ কিমি ফ্লাইওভার, ৪ লেনের ২ দশমিক৭২ কিমির সেতু ও ১৮ কিমি ড্রেন। এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশন।

এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন খান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন সহ সংস্লিষ্ট কর্মকর্তাগণ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর