চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৩তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে উক্ত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

অনুমোদিত বাজেটে প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ২৩০ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ শতাংশ। এছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ। পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৫৫ কোটি ৪৪ লাখ ও পেনশন ও অবসর সুবিধা হিসেবে ৫৫ কোটি ৩ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে যানবাহন বাবদ অনুদান ২ কোটি ৬৫ লাখ টাকা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিত খাতে অনুদান ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ৫৫১ কোটি ৭৫ লাখ টাকা চাহিদার বিপরীতে ৩৫১ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ৩৩১ কোটি ৮১ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে আসবে ২০ কোটি টাকা। এছাড়া ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে ৮ কোটি ৯৮ লাখ টাকা।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর