রোহিঙ্গাদের ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইল বাংলাদেশ
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগীতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাথে নিউইয়র্কে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চান বলে শনিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারা এই বৈঠকে মিলিত হন। এসময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে উদ্বুত সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান পররাষ্ট্র মন্ত্রী।
এছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে আগামী ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদ জানান। বৈঠকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে উভয়ে সম্মত হন।
বার্তা বাজার/এসজে