মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সোয়া ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী সরকার।

নিহত পেয়ারুল ইসলাম ২০১২ সালে পুলিশে যোগদান করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এএসআই পিয়ারুলের বুকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় পিয়ারুলকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর অস্ত্রোপচার শেষে আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি শওকত আলী সরকার বলেন, হত্যাকারী পলাশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

এদিকে পুলিশের এএসআই পিয়ারুলের মৃত্যুতে শোক নেমে এসেছে গোটা পুলিশ ডিপার্টমেন্টে।

রকি আহমেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর