সারাই করতে দাঁড়ানো পিকআপকে পিষে দিল ট্রাক, নিহত ৩

নেত্রকোনা সদরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি পিকআপকে বালুবাহী ট্রাকে এসে ধাক্কা দেয়। এতে তিনজন নিহতসহ দুজন আহত হয়েছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের চল্লিশা বাগড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), একই বাড়ির সবুজের ভাতিজা ও শফিকুল মিয়ার ছেলে বাবু মিয়া (১৪) এবং চালক নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবুচান মিয়া (২৮।) এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন, সবুজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (১৬) ও জনি মিয়া (১৪)।

জানা যায়, ভোর ৪ টার দিকে সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে হতাহতরা গাজীপুরের কোনাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চল্লিশা বাগড়া বাজারে তাদের গাড়ির চাকা ফেঁসে যায়। এসময় চালক গাড়িটিকে সারাতে গেলে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক সেটাকে ধাক্কা দেয়।

এতে চালকসহ দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও দুই মাছ ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকেনা মডেল থানা পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর