বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে বরযাত্রীবাহী বাসের চাকা ফেটে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশু ও নারীসহ অন্তত ১২ জন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আলেকজান্ডার টু সোনাপুর সড়কের সমিতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার কন্যা।

স্থানীয়রা জানান, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নানগর থেকে লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। যাত্রাপতে কালাদরাপ ইউনিয়নের সমিতি বাজারে পৌঁছলে বাসটির চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে।

পুলিশ জানায়, ওই বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন মারা যান। আহত ১২ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কজনক।

সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর