‘স্কুলে গিয়ে কোনও শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নেই’

শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চটগ্রামের পাহাড়তলীতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, এক দিনের বেশি যাতে কেউ স্কুলে না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায়, আত্মীয়স্বজনের বাসায়, বিনোদনকেন্দ্রসহ সবখানে যাচ্ছিল। আমরা দেখেছি সুনির্দিষ্ট কিছু জায়গায় এটা হয়েছে। আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।

এদিকে, বুধবার করোনার উপসর্গে মানিকগঞ্জে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক স্কুলছাত্রী মারা যায়। সর্বশেষে ১৫ সেপ্টেম্বর স্কুলে আসলে তখন তার কোনো শারীরিক সমস্যা ছিল না বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক।

উল্লেখ্য, ১৩৯২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে বৃটিশদের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা। অপারেশন শেষ হলেও তার গায়ে এসে একটি গুলি লাগে। পরে ধরা পড়ার আশংকায় পটাশিয়াম সায়ানাইড পান করে তিনি আত্মাহুতি দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর