গাজীপুরের শ্রীপুরে যৌতুকের টাকার দাবিতে সাউন্ডবক্সে উচ্চশব্দে ওয়াজ বাজিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে চেষ্টার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার নতুনবাজারের আনছার রোড এলাকার বয়রাসালায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করেছে তার বাবা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় ভুক্তভোগী নারীর স্বামী মাওলানা শরীফ মাহমুদের নামে অভিযোগ দায়ের করেছেন তার বাবা।
জানা যায়, বছর দুয়েক আগে গাইবান্ধা সদরের বল্লমঝাড় এলাকার মাওলানা শরীফ মাহমুদের সাথে বিয়ে হয় ওই মেয়েটির। কিছুদিন পরে স্ত্রীকে নিয়ে শ্রীপুর চলে আসেন শরীফ। সেখানে স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন। কিন্তু আর্থিক অনটনে ও পরকীয়ায় আসক্ত হয়ে বেশকিছুদিন ধরে স্ত্রীকে মারধর করে আসছিল শরীফ।
এরই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। টাকা দিতে তার স্ত্রী অস্বীকৃতি জানালে মারধর শুরু করেন। রাত ৩টার দিকে শরীফ তার ঘরে থাকা সাউন্ডবক্সে উচ্চস্বরে ওয়াজ বাজিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে অগ্নিদগ্ধ ওই তরুণী জানান, অন্য মেয়েদের সঙ্গে কথা বলতেন স্বামী। সেগুলো আমি সহ্য করতে পারিনি। অনেক মারধর করছে ওই রাতে। সেদিন খাটে শুইতেও দেয়নি। পরে মেঝেতে ঘুমাই। হুট করে ঘুম থেকে উঠে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে আর ওয়াজ বাজছে।
শ্রীপুর থানার ওসি ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে