সরকার ভীতি ও শঙ্কা থেকে দীর্ঘদিন করোনার অযুহাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবে ছাত্রদলে নেতা প্রয়াত নিশতাক আহমেদ রাখীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের এত ভয় কিসের? আপনারা দেখুন বিশ্ববিদ্যালয় প্রায় দুই বছর বন্ধ রাখলেন সঙ্গে স্কুল-কলেজও। এখন ৫ অক্টোবর তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবেন এবং ২৭ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে নাকি টিকা নিতে হবে একইসাথে টিকা কার্ড নিয়ে সবাইকে নাকি যেতে হবে। তার পর বলছেন সব শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে। কী চলছে দেশে? শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?
তিনি বলেন, তা হলে এতদিন আপনারা যে করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেন, এটি তা হলে রাজনৈতিক উদ্দেশে। এইটা করোনার বিষয় নয়, এক ধরনের ভীতি থেকে এক ধরনের শঙ্কা থেকে। কারণ আপনার মনের মধ্যে দুর্বলতা আপনি নিশিরাতের প্রধানমন্ত্রী। আপনার সরকার নিশিরাতের। পুলিশ-র্যাব দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। এ জন্যই আপনারা আতঙ্কিত যে কখন কী হয়ে যায়।
বার্তা বাজার/এসজে