ঢাকার সাভারে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা পরিস্থিতিতে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, সারা দেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। বন্যায় এবং করোনায় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে, ত্রাণ বিতরণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় এই কমিটির প্রধান উপদেষ্টা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন।
সভায় সাভারের সর্বশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই পরিস্থিতির আরও উন্নতিকল্পে বিভিন্ন ‘এজেন্ডা’ উত্থাপিত হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জনপ্রতিনিধি সমন্বয়ে কাজ করে চলেছে। সন্ত্রাস, মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাং এর বিস্তার রোধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সাভার কোনো অপরাধীর অভয়্যারণ্য হতে পারবে না। যেকোনো ধরণের অপরাধের মূল কঠোর হাতে বিনষ্ট করা হবে বলেও জানান তিনি।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, আশুলিয়া থানার ওসি (ইন্টেলিজেন্স) ফজলুল হক প্রমুখসহ অন্যরা।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি