পুলিশের হাতে গ্রেফতার ৯ মামলার পলাতক আসামি

৯ মামলায় দীর্ঘ কয়েক বছর পলাতক থাকা এক আসামীকে গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওসি আবু হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশীদ আলম ও ফারুকুজ্জামান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামী হলেন, জহুরুল হক মাওলানা (৬২)। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের মৃত ফজল হকের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, চট্টগ্রাম ও দিনাজপুরে পৃথক ৯টি মামলা বিচারাধীন আছে। এরমধ্যে দুটি মামলায় তাকে ১ বছর এবং অপর আরেকটি মামলায় ৬ মাসের সাজাপ্রদান করেছে আদালত। এসব মামলার অধিকাংশই অর্থ লেনদেন ও জালিয়াতি সংক্রান্ত।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা) বলেন, গ্রেফতার আসামী দীর্ঘ ৫ বছর যাবত পলাতক ছিলেন। সে কৌশলী হওয়ায় একাধিকবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য প্রযুক্তির সহযোগীতায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার আসামীকে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর