‘স্বৈরাচার এরশাদের দোসর জাফরুল্লাহ এখন গণতন্ত্রের ছবক দিচ্ছেন’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বৈরাচার এরশাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপিকে নিয়ে সম্প্রতি জাফরুল্লাহর বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জাফরুল্লাহকে তো স্বৈরাচারের দোসর হিসেবে জানতাম। তিনি এখন গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধ নীতি নিয়ে কী দহরম-মহরম করেছেন তা মানুষের জানা আছে। আজকে জাতির বিবেক হয়েছেন, কে কী করবে, না করবে, কার কী করা উচিত সেটার মাত্রা ছাড়িয়ে ছবক দিচ্ছেন উদ্দেশ্যে প্রণোদিতভাবে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষিয়ান ব্যক্তি, তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বয়স্ক ব্যক্তি, কিন্তু সকল নর্মসের বাইরে কথা বলবেন তা হতে পারে না। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপি’র নেত্রী সম্পর্কে এমন কথা বলেন যা সকল সভ্যতা, সুরুচির বাইরে চলে যায়।

খালেদা জিয়ার ব্যাপারে জাফরুল্লাহর করা মন্তব্যের প্রেক্ষিতে রিজভী বলেন, খালেদা জিয়া বাইরে না মুক্ত সেটা তো অবশ্যই তার জানার কথা। খালেদা জিয়া কারাবন্দি ছিলেন, এখন গৃহবন্দি। অনেক শর্ত আরোপ করে তাকে বাসভবনে রাখা হয়েছে। তিনি মুক্ত ভাবে কোথাও যেতে পারেন না।

তিনি মুক্ত হলে কোথায় যাবেন, কীভাবে যাবেন, সেটা তো তার সিদ্ধান্ত। এদেশে দীর্ঘ সময় তিনি বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে অসীম সাহসিকতা জাতি এটা কোনো দিন ভুলে যাবে না। আজও তিনি যে কারাবন্দির নির্যাতন সহ্য করছেন এটাও গণতন্ত্র উদ্ধারের বিশাল একটি সংগ্রামের অংশ। তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে এটা গোটা জাতি জানে, সারা বিশ্ব জানে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর