দেশে পৌঁছেছে সিনোফার্মার আরও অর্ধকোটি ডোজ টিকা

চীনের সিনোফার্মার আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে এসেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এই চালান পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

জানা যায়, চীনের সাথে সাড়ে ৭ কোটি ডোজ করোনার টিকা ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ। এর দলে চীন থেকে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগে দেশে মোট ২ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে কেনা ২ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার, উপহার হিসেবে ২১ লাখ এবং কোভ্যাক্সের মাধ্যমে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ পেয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম আট মাসে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৬০৭ ডোজ টিকা পাওয়া গেছে।

এর আগে ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে ৩ কোটি ডোজ টিকার চুক্তি করেছে সরকার। এরপর অবশ্য তারা এখনো পর্যন্ত আর কোনো টিকা দেয়নি।

এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ, জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ, একই টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ এসেছে বুলগেরিয়া থেকে। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এ অনুদান দিয়েছে দেশটি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর