কর্ণফুলীতে তেলের জাহাজে বিস্ফোরণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে একটি তেলের জাহাজে ওয়েল্ডিং করারর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অপর একজন নিখোঁজের পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে নদির দক্ষিণ তীরে চরপাথরঘাটার ২ নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম জুনায়েদ (৩২)। তিনি বাঁশাখালী উপজেলার বাসিন্দা। নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) চরলক্ষ্যা মাউজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নদীতে থাকা একটি তেলের জাহাজের ইঞ্জিনরুমে কয়েকজন মিলে ওয়েল্ডিং করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপে গ্যাস নিয়ে এ কাজ করা হচ্ছিল। আচমকা বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাঁপ দেয়। এসময় একজন নিখোঁজ হয়। বাকিদের উদ্ধার করে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে ওই জাহাজের নাম ও আহতদের পরিচয় জানা যায়নি।

সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ঘটনাটি শোনার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু জাহাজটি সম্ভবত সংশ্লিষ্ট কোম্পানি সরিয়ে ফেলেছে। তবুও জেটিতে খোঁজ নেয়া হচ্ছে। পাশাপাশি আহতদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর