মানিকগঞ্জে সদরে করোনায় আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সুবর্ণা ইসলাম রোদেলা নামের ওই শিক্ষার্থী শহরের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। সে পৌরসদরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
রোদেলার পরিবার জানায়, ৩ দিন ধরে করোনার উপসর্গে ভুগছিল সে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও সেবন করেছে। কিন্তু বুধবার শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যাথায় অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে মানিকগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে গাবতলী এলাকায় সে অ্যাম্বুলেন্সে নিস্তেজ হয়ে পড়ে। এ সময় ইবনে সিনা হাসপাতালে তাৎক্ষণিক নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, একজন ছাত্রী করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী করোনা পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলো।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মেয়েটি গত ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে গিয়েছিলো। তখন তার শরীরে কোনো সমস্যা ছিলো না। গত তিনদিন ধরে তার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিলো। গত শনিবার দুপুরে তাকে মুন্নু হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে করোনায় আক্রান্ত ছিলো কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, ওই বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তার ৫৮ জন সহপাঠীকে করোনা পরীক্ষা করোনো হয়েছিলো। তবে, কারও দেহে করোনা শনাক্ত না হওয়ায় এবং আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে ওই শ্রেণির পাঠদান পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে