সাভারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে!

শিল্প কারখানা অধ্যুষিত উপজেলা সাভার। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরির সন্ধানে এসে এখানে অস্থায়ী শেকড় গেড়েছেন অনেকে। লক্ষ লক্ষ মানুষের বসবাস এই উপজেলায়। স্বভাবতই চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দেশের অন্যসব উপজেলার চেয়ে সাভারের পরিস্থিতি একটু ভিন্ন।

তবে আশার কথা শুনালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কথা হয় তার সাথে। বার্তা বাজারকে তিনি জানান, এই মুহুর্তে সাভারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখে করোনার নমুনা পরীক্ষার ফলাফল আমাদের কাছে রয়েছে। মোট ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। মাত্র একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাতে বর্তমানে সাভারে আক্রান্তের হার মাত্র শূণ্য দুই দশমিক চার চার শতাংশ (০২.৪৪%)। এই নিরিখে বলা যায়, আপাতত সাভারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ডা. সায়েমুল হুদা সাভারবাসীকে বাইরে বের হলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরে বের হবার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলার জন্যও বলেন তিনি।

এদিকে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এমওডিসি (মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ জানিয়েছেন, করোনা শুরুর পর থেকে সাভার উপজেলায় এ পর্যন্ত (২০ সেপ্টেম্বর, ২০২১) মোট নমুনা সংগ্রহ হয়েছে ২০,৯৯৭ জনের।

মোট আক্রান্তের সংখ্যা ৩৯১৬ জন। আক্রান্তদের ভিতর মোট ৬৩ জন মারা গেছেন। এপর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩৭৯৭ জন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো করোনা পজিটিভ রোগী ভর্তি নেই। তবে ১০৮ জন পজিটিভ রোগী হোম আইসোলেশনে রয়েছেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর