দুর্গাপূজায় ভারতে রফতানি করার ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম ধাপে গিয়েছে ২৩ মেট্রিক টন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল বন্দর দিয়ে মাছগুলো ভারতে পাঠানো হয়। বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছগুলোর নমুনা পরীক্ষা করে রফতানির অনুমোদন দেন।
এই ধাপে রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে খুলনার সাউদার্ন ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেন্টার লিমিটেন। তাদের মধ্যে খুলনার প্রতিষ্ঠানটি ১৩ মেট্রিক টন ও ঢাকারটি ১০ মেট্রিক টন রফতানি করে। এগুলো আমদানি করেন কোলকাতার প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ ও জে কে ইন্টারন্যাশনাল।
জানা যায়, ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশগুলোর রফতানি মূল্য ধরা হয়েছে ১ কেজি পর্যন্ত ৬ ইউএস ডলার ও দেড় কেজি পর্যন্ত ১০ ইউএস ডলার।
জানতে চাইলে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘ইলিশ রপ্তানি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির জন্য ৫২টী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪০ টন করে রফতানি করতে পারবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে রফতানি কার্যক্রম।
বার্তা বাজার/এসজে