রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়া রানী হত্যার রহস্য উন্মোচন হলো। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
রাজশাহী মহানগরীর মুন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিঃস্বন্তান মায়া রাণী ঘোষ (৭০) কুমার পাড়া ঘোষপাড়ার নিজ বাড়িতে (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে খুন হন। তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ হত্যাকান্ডের ঘটনায় তারই এক সাবেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মিলন শেখ (২৪) নগরীর বড়কুঠি ক্যাম্পের মৃত কালু শেখের ছেলে। আসামি পেশায় রংমিস্ত্রী। আসামি মৃত মায়া রাণীর ছাত্র হওয়ার সুবাদে প্রায়শই তার বাসায় আসা যাওয়া করতো।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ও তার টিম সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে বুধবার (২২ সেপ্টেম্বর) পোনে ৩ টার দিকে বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া মুন্নুজান স্কুলের সামনে থেকে আসামী মিলন শেখকে গ্রেফতার করা হয়।
পরে আসামির দেয়া তথ্যে মৃত মায়া রাণীর ব্যবহৃত স্বর্ণালংকার ও তার ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার হয়।
তিনি আরও জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে বাসা ভাড়া নেয়ার মিডিয়া হিসেবে কাজ করার কৌশলে মৃত মায়া রাণীর হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার চুরি করে এবং পরিচয় গোপন রাখার জন্যই এই হত্যাকান্ড ঘটিয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি