‘করোনা পজিটিভ রেট ৫ শতাংশে এসেছে এতেও আমরা খুশি নই’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, করোনা শনাক্তের হারে আমরা ভালো অবস্থানে এসেছি এবং এই ভালো অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যেতে চাই। বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটিকে শূন্যতে নিয়ে আসতে চাই।

বুধবার (২২ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের পজিটিভ রেট ৫ শতাংশের নিচে নেমে এসেছে। তার মানে এই নয় যে, বাংলাদেশ থেকে কোভিড চলে গেছে। আমরা খেয়াল করেছি, অনেকেই মাস্ক পরছেন কিন্তু সঠিকভাবে পরছেন না। নাকের নিচে পরছেন অথবা ঠিকভাবে পরছেন না।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছে বিনীতে অনুরোধ থাকবে, বর্তমানে লকডাউন নেই, বিধিনিষেধেরও অনেককিছু নেই। আপনারা অনেকে অনেক অনুষ্ঠানে যাচ্ছেন, বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছেন-যেখানেই যান না কেন এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। বিশেষ করে মাস্ক ব্যবহার করুন। প্রত্যেকে সঠিকভাবে মাস্ক পরুন। তাহলেই অনেক সেফটি পেয়ে যাবেন।’

তিনি বলেন, ‘করোনা শনাক্তের হারে আমরা ভালো অবস্থানে এসেছি এবং এই ভালো অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যেতে চাই। আমরা ৫ শতাংশেও খুশি নই বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটিকে শূন্যতে নিয়ে আসতে চাই। সেই শূন্য অবস্থানে রাখতে চাই ২ থেকে ৩ সপ্তাহ। তবেই হয়তো আমরা বলতে পারব, আমরা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে পেরেছি’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর