প্রাথমিকের শিক্ষার্থী করোনায় আক্রান্ত: বন্ধ ক্লাসের পাঠদান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য সংশ্লিষ্ট ক্লাসের পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলার ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ১৭ সেপ্টেম্বর করোনায় সংক্রমিত হিসেবে জানা যায়।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস জানায়, দেড় বছর ধরে করোনাকালে বন্ধ ছিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। অন্যসব প্রতিষ্ঠানের মত বন্ধ ছিল ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। ১২ সেপ্টেম্বর স্কুল খোলা হলে অন্যান্যদের সাথে ক্লাসে উপস্থিত হয় ওই শিক্ষার্থীও।
এরমধ্যেই সে সর্দি-জ্বরে আক্রান্ত হলে ১৬ সেপ্টেম্বর নমুনা পরীক্ষা করা হয়। পরদিন তার পজেটিভ আসে। মেয়েটির মা-ও করোনায় আক্রান্ত হয়েছে তার সাথে। মে-মেয়ে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে আছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোহেলী পারভীন জানান, ১২ সেপ্টেম্বর ওই ছাত্রী বিদ্যালয়ে এসেছিল। তখন তার কোনো উপসর্গ ছিল না। পরবর্তীকালে বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়েছে। যেহেতু তার মায়েরও করোনা পজিটিভ এসেছে, তাই পরিবারের মাধ্যমেই মেয়েটি করোনায় সংক্রমিত হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী বলেন, ‘বাড়তি সতর্কতা হিসেবে আমরা বিদ্যালয়টির সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ রাখতে বলেছি। সার্বক্ষণিকভাবে আমরা ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি।’
বার্তা বাজার/এসজে