সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়লাভ করেছেন তাদের নির্বাচিত বলা সম্পর্কে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে ‘পৌরসভা ও ইউপি নির্বাচন সম্পর্কে আমার কথা’ শিরোনামে লিখিত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কমিশনার মাহবুব তালুকদার বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন ব্যবস্থাকে ম্লান করে দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করা জরুরি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সমঝোতার সুপারিশ রেখেছেন তিনি।
জীবনের চেয়ে নির্বাচন বড় নয় উল্লেখ করে তিনি বলেন, উল্লিখিত নির্বাচনে তিনজনের প্রাণহানী ঘটেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি সর্বদা বলে এসেছি জীবনের চেয়ে নির্বাচন বড় নয়। তবু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সহিংসতা রোধ করা গেল না। নির্বাচনে ঘটনা বা দুর্ঘটনা যা-ই হোক না কেন, নির্বাচন কমিশনের ওপরই দায় এসে পড়ে। তবে নির্বাচনের সকল দুর্ঘটনা, অর্থাৎ বিশৃঙ্খলা, অবৈধভাবে ব্যালটে সিল মারা, প্রতিপক্ষকে হুমকি প্রদান ইত্যাদি অনাকাঙ্খিত বিষয়ের পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সনহিংসতার বিষয়ে তিনি বলেন, তিনি দায়িত্বপালনকালে স্থানীয় সরকার নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আইনানুগভাবে দায়িত্বপালনের জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছিল। যে সব স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে, এর জন্য যারা দায়ী, প্রমান সাপেক্ষে তাদের আটক করা হয়েছে। যারা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরও আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে আরও অনেককে আইনের আওতায় আনা হবে। সহিংসতা রোধ কাউকে ছাড় দেয়া হয়নি এবং হবে না। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে একজন সংসদ সদস্যকে সতর্কবার্তা পর্যন্ত প্রেরিত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্ব থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন মাহবুব তালুকদার। এই কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত দেশের ১৬০ ইউপি ও ৯ পৌরসভার নির্বাচনে তার সাফ্ল্য ও ব্যর্থতা নিয়ে এর আগে গণমাধ্যমের মুখোমুখি হননি। বুধবার তার দপ্তর থেকে একটি লিখিত প্রতিক্রিয়া গণমাধ্যমে সরবরাহ করা হয়। এতে মাহবুব তালুকদার বলেন, এমন সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনি ব্যবস্থাপনার পরিবর্তন সাধন সম্ভব নয়।
বার্তা বাজর/এসজে