বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠিত বাকশাল সমর্থন করেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন : কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, নিন্দুকেরা বাকশাল নিয়ে অনেক কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের কল্যাণেই বাকশাল গঠন করেছিলেন। আমি বাকশাল সমর্থন করি।
বঙ্গবন্ধুর উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই কৃষি ও কৃষকের উন্নয়নের ভিত তৈরি হয়েছে। তার উপরে বহুতল ভবন তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের জায়গায় হোটেল নির্মাণের কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর কারণেই বিএআরসি ভাঙা সম্ভব হয়নি। তিনি সবসময় কৃষক দরদি ছিলেন। তাদের কল্যাণেই বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্যানেল আলোচক হিসেবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন।
বার্তা বাজার/এসজে