একটা সুষ্ঠু সরকার প্রয়োজন: জাফরুল্লাহ

বর্তমান ভোট ডাকাতদের সরিয়ে অন্য কাউকে আনলে হবে না। একটা সুষ্ঠু সরকার প্রয়োজন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যেখানে জনগণের অধিকার থাকবে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব। ধর্মের নামে অনাচার হবে না।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়াকে সাহসী নারী উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আমি বলেছিলাম ট্রানজিট দিয়েন না। তিনি আমার পরামর্শ নিয়েছিলেন। আজকে দেখেন ট্রানজিটে কী পরিমাণ লুট হচ্ছে, এজন্য বলি আমাদের খালেদা জিয়াকে দরকার। উনাকে আরও ছয় মাসের জামিন দিয়েছে। যদি ছয় মাস জেল স্থগিত করা হয়, তাহলে তো উনি মুক্ত। ছয় মাসের জন্য যদি মুক্ত হয়ে থাকেন তাহলে কবে থেকে মুক্ত বা কবে থেকে মুক্ত হবেন?’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘কথা বলা বাদ দেন, মাঠে নামেন। এই ভোট ডাকাতদের সরাতে চাইলে লাঠিসোঁটা যা আছে নিয়ে নেমে পড়তে হবে। ভোট ডাকাতরা পালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘বর্তমান ভোট ডাকাতদের সরিয়ে অন্য কাউকে আনলে হবে না। একটা সুষ্ঠু সরকার প্রয়োজন। যেখানে জনগণের অধিকার থাকবে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব। ধর্মের নামে অনাচার হবে না’

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর