নীলফামারীতে চুরির ঘটনায় গ্রেফতার ২
নীলফামারীর ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগার চুরির একদিনের মধ্যে মালামাল উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপেটম্বর) সকাল হতে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতকৃতরা হলেন, পৌরসভার সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রুহুল আমীন মুন্না (২২), ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নওশাদ হোসেন (২৭)। থানা সূত্রে জানা, ডোমার পুলিশ সার্কেল কার্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের চুরির দৃশ্য দেখা যায়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় (ডোমার-ডিমলা) সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ ও ডোমার থানা ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই ফারুক হোসেনসহ ডোমার থানার পুলিশ মুন্নার ভাড়া নেওয়া বাড়ি ও বিদ্যালয়ের সামনে তার বন্ধ চায়ের দোকান হতে ২টি অনুবিক্ষণ যন্ত্র, ১টি কীটবক্স, ১টি ওজন পরিমাপক যন্ত্র, ১০টি ক্লাম উদ্ধার করা হয়েছে।
এ সময় মুন্নাকে গ্রেফতার করা হয়। মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। বিকালে বনোয়ারী মোড় হতে নওশাদকে গ্রেফতার করা হয়েছে।
ডোমার থানার ওসি সাইফুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার ভোরে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের টাকা ও বিজ্ঞানাগারের অনুবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি