ক্ষমতার মোহে অন্ধ হয়ে মিথ্যাচার আর বিষেদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক। নেতিবাচক রাজনৈতিক মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে। অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ একদিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে অপরদিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে।
তিনি আরও বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙ্গা রেকর্ড জনগণ গত ১৩ বছর শুনে আসছে। ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়। কৃষক নাকি উৎপাদিত পণ্যের মূল্য পায় না। এদেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা বাজার/অমি