রংপুরের কাউনিয়া উপজেলায় কিস্তির টাকা পরিশোধের চাপে সুমন মিয়া (২৯) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিরবাগ বাজারে নিজ ফার্নিচারের দোকানের গোডাউন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে দোকানের কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত ফার্নিচার ব্যবসায়ি সুমন কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কিস্তির বোঝা সইতে না পেরে দোকানের পিছনে গোডাউন ঘরে গলায় ফাঁস দেন সুমন। গোডাউন ঘর বন্ধ দেখে গলায় ফাঁস দেয়ার বিষয়টি কর্মচারীরা টের পেলে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মুকুল মিয়ার কাছে নিয়ে যান। পরে পল্লী চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার পথে সুমন রাস্তায় মারা যান।
কাউনিয়া থানার তদন্ত ওসি সেলিমুর রহমান বলেন, বিভিন্ন এনজিও থেকে কয়েক লক্ষাধিক টাকা ঋণ নেন ওই যুবক। প্রতি মাসে যার কিস্তি দিতে হয় প্রায় ৪০ হাজার টাকা। করোনায় ব্যবসায় ধস ও কিস্তির চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের দোকানের পেছনে গোডাউনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে কাউনিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে পুলিশ।
রকি আহমেদ/বার্তা বাজার/অমি