কুষ্টিয়া শহরে মা ও ৯ মাসের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের থানাপাড়া এলাকার গড়াই নদ সংলগ্ন বাঁধপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আকলিমা খাতুন (৩২) ও তার ৯ মাস বয়সী ছেলে জ্বীম। আকলিমা বাঁধপাড়া এলাকার মাজেদ মোল্লার মেয়ে ও একই এলাকার অটোরিকশাচালক রতনের স্ত্রী। আকলিমা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এলাকাবাসী জানান, গড়াই নদীসংলগ্ন থানাপাড়ার পুরনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। আকলিমা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কারকাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা।
বুধবার সকালে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ ঝুলছে। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আকলিমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
আকলিমা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, আকলিমা তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মা আকলিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/অমি