চলতি সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ থেকে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত মোট ৮ দিন দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সম্প্রচার কার্যক্রম কিছুটা বিঘ্ন হতে পারে।
সান আউটেজ বা সৌর ব্যতিচারের কারণে এই গোলযোগ হতে পারে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিএল।
তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের (এমন অবস্থায় সম্প্রচারে গোলযোগ ঘটে) কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে (সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে) এ ঘটনা ঘটতে পারে।
২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য এই সমস্যা হতে পারে।
সংস্থাটির অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম এই প্রাকৃতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বার্তা বাজার/এসজে