কিশোর বাউলের মাথা ন্যাড়া করে দিল তিন মাতুব্বর

বগুড়ার শিবগঞ্জে এক কিশোর বাউলের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে স্থানীয় ৩ মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাতুব্বররা হলেন, উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জুড়ি মাঝপাড়া গ্রামের বাসিন্দা মাজবাউল ইসলাম , একই গ্রামের তারেক রহমান ও শফিউল ইসলাম খোকন।

ভুক্তভোগী ওই কিশোর বাউলের নাম মেহেদি হাসান। সে একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, গুজিয়া উচ্চ বিদ্যালয়ে এক বছর পড়াশোনা করার পর সংসারের অভাবের কারণে আর পড়াশোনা করা হয়নি মেহেদির। পরে পাশের গ্রামের বাউল মতিনের সাথে সে চলাফেরা শুরু করে। কয়েকবছর ধরে মতিনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে উপার্জিত টাকায় দিয়েই চালাচ্ছিল তার সংসার। বাউল মতাদর্শী হওয়ায় মাথায় লম্বা চুল ও গায়ের সব পোশাক সাদা রংয়ের ব্যবহার করতো মেহেদি।

এজন্য স্থানীয় ওই ৩ ব্যক্তি সবসময় মেহেদিকে কটাক্ষ করে আসছিল। এক পর্যায়ে তাদের ৩ জনের বিভিন্ন অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদির বাড়ীতে গিয়ে তারা ঘুম থেকে ডেকে তুলে জোর করে মাথা ন্যাড়া করে দেয়।

এসময় মেহেদিকে মারপিট করে তারা। ভবিষ্যতে বাউল গান গাইলে কিংবা চুল বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে লোকলজ্জায় কয়েকদিন ঘরের বাইরে যায়নি মেহেদি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক তিনি মেহেদীকে পুলিশ হেফাজতে নেন, সেইসঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন। পরে আটক তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখসহ সাতজনের বিরুদ্ধে মেহেদী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর