যশোরে সাত বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন এক গৃহবধু। এদের দুটি ছেলে ও দুটি মেয়ে। তবে নবজাতকসহ মা সুস্থ আছেন বলে স্বজনরা জানিয়েছেন। একসঙ্গে চার সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার যশোরের কুইন্স হসপিটালে অপারেশনের মাধ্যমে লাক্সমিয়া খাতুন (২৩) এ চার সন্তান প্রসব করেন।
অবিভাবকরা জানান, জেলার বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আবুল বাশারের সঙ্গে ২০১৪ সালের জুনে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের লাক্সমিয়া খাতুনের (২৩) বিয়ে হয়। বিয়ের সাত বছরের মাঝে তাদের কোনো সন্তান হয়নি। এনিয়ে উভয় পরিবারে অশান্তি লেগে ছিল। অবশেষে হতাশার অবসান ঘটিয়ে সোমবার সকালে এ দম্পতির ঘরে জন্ম নেয় চার নবজাতক।
এ বিষয়ে যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির কোনো সন্তান হয়নি। দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার পরামর্শ নিতে আসেন। তাদের দুজনেরই কিছু সমস্যা ছিল। চিকিৎসার তিন মাসেই গৃহবধূ কনসিভ করেন। পরে জানতে পারি তার গর্ভে চারটি বাচ্চা রয়েছে। আল্লাহর রহমতে ওই নারীর কোনো সমস্যা হয়নি। সিজারের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়েছে।’
আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে সন্তান এসেছে উল্লেখ করে নবজাতকের মা লাক্সমিয়া খাতুন বলেন, করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে এটা ছিল আমাদের কাছে বেশ চিন্তার। কিন্তু সব চিন্তা দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে চারটি সন্তান।
বার্তা বাজার/এসবি