গাজীপুরে ৬ মাসের ব্যবধানে গ্রাহকদের কাছ থেকে ১০ থেকে ১৫ কোটি টাকা আত্মসাত করে গায়েব হয়ে গিয়েছে ‘সহজ লাইফ’ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এখানে বিনিয়োগ করে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা চক্রের হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর থেকে গাজীপুরের সবুজ কানন এলাকায় অবস্থিত সহজ লাইফের প্রতিষ্ঠানে তালা ঝুলছে। কেউই সেখানে নেই। বন্ধের দিন থেকেই প্রতিষ্ঠানের সামনে ভিড় জমিয়েছেন গ্রাহকরা।
ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, মাত্র ১১শো’ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ছয়শো টাকা করে পাওয়া যাবে- এই ধরণের প্রলোভন দিয়ে গত জানুয়ারি থেকে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ‘সহজ লাইভ’ নামের এই প্রতিষ্ঠান। আমি নিজেও একজন ভুক্তভোগী।
আরও এক ভুক্তভোগী গ্রাহক জানান, চলতি মাসের ১৩ তারিখ তারা লাপাত্তা হয়ে যায়। প্রশাসনের লোকজন এসে আমাদের আশ্বাস দেয় যে, তারা একটা ব্যবস্থা করবে।
জানা যায়, সহজ লাইফের মালিক তাহাজ্জুদ হোসেনের গ্রামের বাড়ি খুলনার কয়ার থানার মহারাজপুরে। তিনি রাজধানীর মিরপুর ১০ এলাকার বাসিন্দা। চলতি বছরের জানুয়ারিতেই যাত্রা শুরু করে তার প্রতিষ্ঠান। খুব অল্প দিনেই জামাল হোসেন নামে এক ব্যক্তির সহায়তায় সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
তারা গ্রাহকদেরকে ১ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি-কাশিমপুর জোনের সহকারি কমিশনার জাকির হোসেন জানান, প্রতারক চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার/এসজে