বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার স্ত্রী ‘ঝাড়ু’ দিয়ে মারতে আসলেন ছাত্রীদের!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে ‘ইঞ্জিনিয়ার বাড়ি’ নামে ছাত্রীদের একটি মেসে মেস মালিক কুবির নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফের স্ত্রী কর্তৃক হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কুবি ক্যাম্পাস সংলগ্ন ‘ইঞ্জিনিয়ার বাড়ি’ নামক মেসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নারী মোসা. পান্না বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফের স্ত্রী।
ঘটনার পর দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে মানসিক হেনস্তার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীরা। সেখানে স্বাক্ষর করেন ওই মেসে থাকা নয় ভুক্তভোগী ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টা থেকে ইঞ্জিনিয়ার বাড়ি মেসের বৈদ্যুতিক লাইন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফের স্ত্রী পান্না ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখেন। যার প্রতিবাদ জানায় ছাত্রীরা। এ ঘটনার জের ধরে অভিযুক্ত পান্না ও তার গৃহকর্মী শিক্ষার্থীদের দিকে মারমুখী হয়ে ওঠেন এবং ঝাড়ু নিয়ে আসে।
পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ছাত্রীদের ব্যাপারে অশালীন মন্তব্য করতে থাকেন। পরবর্তীতে ছাত্রীরা প্রকৌশলী আব্দুল লতিফকে ফোন দিলে তিনি দুপুর একটার দিকে এসে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করলেও তার স্ত্রী বারবার আক্রমণাত্মকভাবে শিক্ষার্থীদের দিকে তেড়ে গিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, দুই পক্ষেরই মাথা গরম, তবুও আমি তো ঘটনা মিটমাট করে দিয়ে আসছি। আমার স্ত্রীকে বলেছি যাতে তিনি শিক্ষার্থীদের বিষয়ে সামনের দিনে কথা না বলেন, ওদের ব্যাপার আমি দেখবো।
এ ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মালিকপক্ষকে ডেকেছি। দুই পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত জানাবো।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কমিশনার ফজল খান বলেন, এরকম ঘটনা অনাকাঙ্খিত। শিক্ষার্থীরা টাকা দিয়ে থাকে, তাদের সাথে এরকম আচরণ করবে কেন। আমি এ ব্যাপারে লতিফকে ডেকে কথা বলবো।
এরপর বিকাল পাঁচ টার দিকে দুই পক্ষকে নিয়ে বিষয়টা মিমাংসা করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসবি