রাজশাহীতে শ্বাসরোধ করে শিক্ষিকাকে হত্যা করে গয়না লুট

রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূবৃত্তরা। নিহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়া রাণী ঘোষ নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা। নিঃসন্তান এই শিক্ষিকা নিজ বাসায় একাই বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, মায়া রাণী ঘোষ সর্বশেষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেখান থেকে তিনি অবসরে যান।

পুলিশ বলছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে একই এলাকায় বসবাস করা পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো ও মুখ বাঁধা অবস্থায় নিথর দেহ পড়ে আছে মায়া রাণী ঘোষ। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে পুলিশ ও সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে পাঠায়।

নগর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, লাশ ঘরের মেঝেতেই পড়ে ছিলো। মুখ বাঁধা ও গলাই ওড়না পেছানো ছিলো। তার স্বর্ণালংকার ও মোবাইল ফোনও পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করে এসব নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সকাল ১০ টার দিকে ঘোষ তার বাড়িতে দুধ দিয়ে আসে। এরপর পরই ভাড়া নেয়ার জন্য দুইজন লোক ওই বাড়িতে এসেছিল বলে ওই ঘোষ পুলিশকে জানিয়েছে। নিহত নারীর পালিত মেয়ে, তার স্বামী ও ওই ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।#

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর