চট্টগ্রামে কিশোরী অপহরণের সময় ৪ কিশোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) চার কিশোরকে সোমবার মধ্যরাতে বায়েজিদ এলাকায় এক কিশোরীকে অপহরণের সময় আটক করার কথা জানায় পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান জানান, ভিকটিম রৌফাবাদ রশিদিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেনীর ছাত্রী। গ্রেফতার আরিফ দীর্ঘদিন যাবত ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং বিরক্ত করতো। আরিফের প্রস্তাব নাকচ করাতে ক্ষিপ্ত হয়ে সে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বায়েজিদ থানার জেলা পরিষদ এলাকার পুলিশ বক্সের সামনে ভিকটিমকে মুখ চেপে বাসা হতে তার তিন বন্ধুর সহযোগিতায় জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় খুলশী থানা পুলিশের চেকপোস্টে কর্তব্যরত অফিসার ও ফোর্স সিএনজি গাড়ীটি আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
আটককৃতরা হলেন, বায়েজিদ এলাকার আব্দুর রবের ছেলে মোঃ আরিফ (১৯), তৈয়ব শাহ এর ছেলে শাহাব উদ্দীন (২০), খোরশেদ আলমের ছেলে মোঃ হেলাল (২০) ও নুরুল ইসলামের ছেলে মোঃ ইমরান (১৯)।
আটকের পর চার কিশোরের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানান ওসি কামরুজ্জামান।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি