পুলিশ সদস্যরা টিকটক করতে পারবে না!

বাংলাদেশের পুলিশের অফিসিয়াল পোশাক গায়ে দিয়ে কেউ টিকটক বা লাইকির মত ভিডিও শেয়ারিং অ্যাপগুলোতে ভিডিও আপলোড করতে পারবে না। এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে পুলিশের বিভিন্ন ইউনিটে নির্দেশনা পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি পুলিশের একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পরিচয় গোপন রাখার শর্তে ডিএমপির একজন এডিসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পুলিশের পোশাক পরিধান করে ভিডিও শেয়ার করা হচ্ছে। এ বিষয়ে ডিএমপির একটি আলোচনা সভায় কথা হয়েছে। সভায় আলোচ্য বিভিন্ন বিষয়গুলোর মধ্যে কিছু সিদ্ধান্ত নির্দেশনা আকারে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

আরও বলা হয়,পুলিশের পোশাক ব্যবহার করে অথবা পুলিশ-বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০১৯ মেনে চলতে বলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর