টেকনাফে করিম হত্যা: নিহতের ৫ দিনেও আসামী সনাক্ত হয়নি
নিহতের ৫ দিন গত হলেও কক্সবাজারের টেকনাফের কুলালপাড়ার চাঞ্চল্যকর হাজী করিম হত্যা কান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত ১৫ সেপ্টেম্বর টেকনাফ মেরিন ড্রাইভের ব্রীজের নিচ থেকে হাজী করিম উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবী গত ১৪ সেপ্টেম্বর দাওয়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। পরের দিন সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে নিহতের স্ত্রী মুর্শিদা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশের বরাত দিয়ে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনার দিন রাত পর্যন্ত করিমের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিলো সদর ইউনিয়নের লেঙ্গুরবিল। তাহলে লেঙ্গুরবিল থেকে ধরে নিয়ে গিয়ে মেরিন্ড্রাইভে হত্যা করা হয়েছে, নাকি ওই এলাকায় হত্যা করে মেরিনড্রাইভে ফেলে দেয়া হয়েছে এই সূত্রটির হিসেব মিলাতে পারছেনা নিহতের পরিবার।
এদিকে করিমের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে পৌর শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার টানিয়ে হত্যাকারীদের আইনের আওতায় আনতে দাবী তুলেছেন এলাকাবাসী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ‘বার্তা বাজার’কে বলেন- অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা অনেকটা অগ্রসর হয়েছি। আশাকরি এই ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।
বার্তা বাজার/এসবি