করোনাকালে এক উপজেলায় দেড় শতাধিক বাল্য বিয়ে

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ময়মনসিংহের ধোবাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়েছে। উপজেলার ২১ টি উচ্চ বিদ্যালয় থেকে বাল্য বিয়ের শিকার হয়ে ঝড়ে পড়েছে এসব শিক্ষার্থী।এদের মাঝে জেএসসি ও এসএসসি পরিক্ষার্থীও রয়েছে।

সরেজমিন ঘুরে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে জানা যায়,করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে গত দেড়বছর স্কুল বন্ধ ছিল। এই সময়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়েছে। এদের মাঝে মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউট বিদ্যালয়ে ২৮ জন শিক্ষার্থীর বিয়ে হয়েছে। তাদের মাঝে ২০২১ ও ২০২২ সালের ২৫ জন এসএসসি পরিক্ষার্থীর বিয়ে হয়েছে।

এছাড়া পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ে ২০ জন,গোয়াতলা উচ্চ বিদ্যালয়ে ২০ জন,বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৫ জন,কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ১২ জন,খামারবাসা উচ্চ বিদ্যালয় ১০ জন,মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয়ে ১০ জন,চারিয়াকান্দা উচ্চ বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়েছে।

এছাড়াও প্রায় প্রতিটি বিদ্যালয়ের কোন না কোন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়ে স্কুল থেকে ঝড়ে পড়েছে। সারা বিশ্বে করোনা মহামারীর কারনে দেশে ৫৪৩ দিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দরিদ্র পরিবারের অনেক মেয়ে এই সময়ে বাল্য বিয়ের শিকার হয়েছে।

এ ব্যাপারে পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল মিয়া জানান, প্রত্যন্ত অঞ্চলের অভিভাবক সচেতন না থাকায় এবং দীর্ঘদিন ঘরে বসে থাকার কারনে অভিভাবকরা বিয়ে দিয়েছেন। এছাড়াও কিছু প্রেমঘটিত বিয়ের খবরও পাওয়া গিয়েছে।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ বলেন, বাল্য বিয়ে হয়েছে এমন সুনিদ্রিষ্ট তথ্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, বিষয়টি অনুসন্ধ্যান করে দেখতে হবে, কিছু শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ার খবরও পাওয়া গেছে।

আনিসুর রহমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর