সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর শীর্ষ ক্যাডার নাশকতা মামলার আসামি শাহ আলমকে (৪৬) গ্রেপ্তার করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্ব উপপরিদর্শক (এসআই) সুভ্রত দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে দস্তিদার হাটের পূর্বে রোজভ্যালী কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে।
শাহ আলম উত্তর ছদাহা ওখিয়ারকুল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। সে গত কয়েক বছর আগে জালিয়াতি করে পৌরসভার বোয়ালিয়াপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ওয়ারিশের ৫৩ জায়গা এক মহিলাকে আয়েশা খাতুন সাজিয়ে ফারুক নামের এক ব্যক্তিকে বিক্রি করে দেন। পরে আয়েশা বেগম বাদী হয়ে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে শাহ আলমসহ ৪ জনকে আসামি করে প্রতারণা মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ক্যাডার শাহ আলমের বিরুদ্ধে ২০১৪ সালে সাতকানিয়া এলাকায় নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে বের হয়ে জালিয়াতির মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ছদাহা আমতল এলাকায় দরিদ্র মানুষের জায়গা জাল দলিল সৃষ্টি করে অন্যদের বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা আরো জানান, শাহ আলম জামায়াতের ক্যাডার হলেও এলাকায় প্রতারক ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিতি পেয়েছেন।
সাতকানিয়া থানার এসআই সুব্রত দাশ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে একটি প্রতারনা মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যকোন মামলার বিষয়ে আমার জানা নেই। অন্য মামলা থাকলেও ওই মামলুগুলোর হয়ত গ্রেফতারী পরোয়ানা নেই। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
সুমন শাহ/বার্তা বাজার/অমি