আবারও রিমান্ডে ইভ্যালির রাসেল, কারাগারে শামীমা

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করে গ্রাহকের প্রতারণা ও টাকা আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গুলশান থানার মামলায় তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় রাসেল-শামীমা দম্পতিকে।

ধানমন্ডি থানার মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক।

অন্যদিকে রাসেলের স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ধানমন্ডি থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করেন মো. কামরুল ইসলাম চকদার নামে এক গ্রাহক। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়।

এর আগে একই অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। ওই মামলায় রাসেল-শামীমা তিন দিন রিমান্ডে ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল-শামীমা দম্পতিকে গ্রেফতার করে র‍্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর