জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তার জামিন মঞ্জুর করেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আদালতে হাজির হয়ে হাফিজ উদ্দিন আহমেদ ও বাবুল বিশ্বাস জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের দুইজনের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্র দখল করে ভোটের ফলাফল পক্ষের নেওয়ার ব্যাপারে ফোনে হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের কথোপকথন হয়।

তাদের ফোনালাপ ফাঁস হয়ে গেলে ২৮ ডিসেম্বরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার বাদী হয়ে লালমোহন থানায় আটজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটি বিচারের জন্য বরিশাল সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর