করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। দেশে বর্তমানে সংক্রমণ হার শতকরা সাড়ে ৫ শতাংশ, মৃত্যুও অনেক কমেছে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে আমরা কতটা ভালো আছি।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা চলাচল করতে পারছি, আমাদের খাদ্যের অভাব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য অনেক কষ্ট করতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের ৮০০টি করোনা পরীক্ষার ল্যাব বসাতে হয়েছে। ১৫০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করতে হয়েছে। দেশের কোথাও অক্সিজেনের অভাব হয়নি। তাই করোনায় মৃত্যু হার তুলনামূলক কম ছিল।

তিনি আরও বলেন, আমরা এখন করোনার টিকা দিচ্ছি। উৎপাদন না করলেও টিকা প্রদানে বাংলাদেশ ভালো করেছে। যেসব দেশ টিকা উৎপাদন করে তারা হয়তো আমাদের চেয়ে বেশি টিকা দিয়েছে। আমরা টিকা জোগাড় করেছি। আশা করছি আগামীতে আমরা আরও বেশি টিকা দিতে পারবো।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর