কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সারাদেশের কারাগারগুলোতে যেসব চিকিৎসকের পদ শূন্য রয়েছে তাতে খুব দ্রুতই নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালতে কারা কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী জে আর খান রবিন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বলেন, শিগগিরই প্রয়োজনীয় আরও চিকিৎসক নিয়োগ দিতে বলেছেন আদালত।

তিনি আরও বলেন, দেশের কারাগারগুলোতে মোট ১৪১ চিকিৎসকের প্রয়োজন। যেখানে কেবল ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মহিলা কারাগারসহ সারাদেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সংকট ছিল। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর