লক্ষ্মীপুর জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু ও যুবলীগ সভাপতি প্রার্থী সৈয়দ নুরুল আজিম বারের মর্ধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবর ও টিপুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের সাহাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাসূত্রে জানাগেছে, বর্ধিত সভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকে। এসময় শহরের সাহাপুর এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে আসার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন যুবলীগ সভাপতি প্রার্থী নুরুল আজিম বাবর। তিনি বলেন সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে তাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এদিকে উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু অভিযোগ করে বলেন সু-শৃঙ্খল বর্ধিত সভাকে বিশৃঙ্খল করতে বাবরের নেতৃত্বে তাদের উপর হামলা চালিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/অমি