বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যার প্রভাবে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, নিকলি ২৪, মংলায় ১৮, খেপুপাড়া, মাইজদীকোর্ট ও রাঙ্গামাটিতে ১৭, খুলনা ও সিলেটে ১৪ এবং গাপালগঞ্জে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোনও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: বাসস
বার্তা বাজার/অমি